সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের সাত নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে। এর মধ্যে, পাঁচ নেতাকে দলীয় সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার দলের কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো পৃথক দুটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
দলের কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা একটি চিঠিতে জানানো হয় যে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে ঢাকা জেলা উত্তর আহবায়ক কমিটির পাঁচ নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন: জুলকার নাঈন (যুগ্ম আহবায়ক), ইসরাফিল ইসলাম খোকন (যুগ্ম সদস্যসচিব), নাজমুল হক (সাংগঠনিক সম্পাদক), অ্যাডভোকেট শাওন (যুগ্ম সমন্বয়কারী, আশুলিয়া থানা এনসিপি) ও মো. আমানুল্লাহ শিব্বির (সদস্য, আশুলিয়া থানা এনসিপি)।
পৃথক আরেকটি চিঠিতে ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটির আরও দুই গুরুত্বপূর্ণ নেতাকে শোকজ করা হয়েছে। তারা হলেন, আজহারুল ইসলাম তামিম (সাংগঠনিক সম্পাদক) ও মফিদুল ইসলাম (জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক)।
দুটি চিঠিতেই বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। দলীয় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্ত সাত জনকেই আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাখ্যা এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে জমা দিতে বলা হয়েছে।


