অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের (ভিসি) দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানকে দেশত্যাগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি দল গঠন করা হয়েছে এবং অনুসন্ধান চলছে। এ সময় অভিযোগের সঙ্গে সম্পৃক্তরা বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।


