ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার বিকালে এনসিপি কার্যালয়ে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলটির মেয়র প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে সামনে এলো।
সভায় সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করা এবং জুলাই শহিদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যুক্ত থাকার বিষয়ে নাহিদ ইসলাম দিকনির্দেশনা দেন।
এ ছাড়া আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারি এবং ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়। নাগরিক ইস্যুতে আন্দোলন গড়ে তোলার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


