জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার জেলা কমিটির প্রকাশিত বিবৃতিতে সানাউল ইসলাম সুয়েজকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
তার বিরুদ্ধে অন্য একটি রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারে সক্রিয় অংশ নেওয়া এবং দলের অভ্যন্তরীন তথ্য অন্য দলের কাছে প্রকাশ করার অভিযোগ উঠেছে।
জেলা কমিটির আহ্বায়ক খালেদ হাসান বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল। কমিটির পর্যালোচনায় সুয়েজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জেলা কমিটির বিবৃতি অনুযায়ী, বহিষ্কারের ফলে সানাউল ইসলাম সুয়েজ জাতীয় নাগরিক পার্টির কোনো পদে বহাল থাকতে পারবেন না, কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না, দলীয় পরিচয় বা পদবী ব্যবহার করতে পারবেন না এবং কোনো কমিটি বা উপকমিটির সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না।
দলীয় স্বার্থ ও শৃঙ্খলা রক্ষার জন্য এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছেন জেলা কমিটির সদস্য সচিব রুহুল আমিন। তিনি বলেন, ‘সুয়েজকে বহিষ্কারের সিদ্ধান্তের অনুলিপি এরইমধ্যে শৃঙ্খলা কমিটিকে পাঠানো হয়েছে।’


