নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ‘শাপলা’ প্রতীক চাওয়ার দাবি থেকে সরে এসেছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) যদি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এই প্রতীক (শাপলা) দেয়, তাহলে তিনি কোনো মামলা করবেন না।
বৃহস্পতিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মান্না এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে ইসি আর কাউকে দিতে পারেন না। তবে, তারা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি।’
‘শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি, আমি কোনো মামলা করব না,’ যোগ করেন তিনি।


