চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুলে দ্বিধাবিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার শুনানি শেষে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তির প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি ফাতেমা আনোয়ার এটিকে বৈধ বলে রায় দেন।
নিয়মানুযায়ী, এখন প্রধান বিচারপতিকে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করতে হবে।
এর আগে, ৩০ জুলাই এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন চলতি বছর একটি রিট করেছিলেন। গত ৩০ জুলাই ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।
এরপর এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চেয়ে সম্পূরক আবেদনও করে রিট আবেদনকারী পক্ষ।
এই আবেদনের ওপর রুল শুনানি শেষে গত ১৯ নভেম্বর চুক্তির সব কার্যক্রম স্থগিত রাখতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট।
সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে ২২-৩০ বছরের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। যা নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ।


