দেশে ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবার মোবাইল ফোন ব্যবহার করেলও ইন্টারনেট ব্যবহার করে ৫৫ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ দেশজুড়ে এখনো ইন্টারনেট পরিষেবা বঞ্চিত প্রায় ৪৫ শতাংশ মানুষ।
একটি পরিবারে একজন ব্যবহারকারী থাকলেই পরিবারকে ইন্টারনেট ব্যবহারকারী ধরা হয়। এ জন্য ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহারের চেয়ে পরিবারে ইন্টারনেট ব্যবহারের হার বেশি।
বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক’ জরিপে এই তথ্য উঠে এসেছে।
খানাভিত্তিক জরিপে বলা হয়, মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে স্মার্টফোন ব্যবহার করে ৭২ দশমিক ৭ শতাংশ পরিবার।
মুঠোফোন ব্যবহারের দিক থেকে পুরুষের চেয়ে প্রায় পাঁচ শতাংশ পিছিয়ে আছেন নারীরা। পুরুষের ক্ষেত্রে এই হার ৯০ শতাংশ আর নারীদের হার ৮৬ দশমিক ৮ শতাংশ। তবে মুঠোফোনের মালিকানার দিক থেকে নারীরা পুরুষের তুলনায় বেশ পিছিয়ে আছেন। বর্তমানে ৭০ শতাংশ পুরুষের নিজের অন্তত একটি মুঠোফোন আছে, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫৮ দশমিক ৯ শতাংশ।
স্মার্ট ফোন ব্যবহার করা পুরুষ ৫০ দশমিক ১ শতাংশ এবং নারী ৪০ দশমিক ৬ শতাংশ।
বিবিএস জরিপ অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারেও নারীরা পিছিয়ে আছেন। বর্তমানে ৫৬ দশমিক ৬ শতাংশ পুরুষ ইন্টারনেট ব্যবহার করছেন। বিপরীতে নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী ৫০ দশমিক ২ শতাংশের কিছু বেশি।
স্মার্টফোন ব্যবহারের খানাভিত্তিক তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭২ দশমিক ৭ শতাংশ পরিবারে অন্তত একটি স্মার্টফোন রয়েছে। আর যেকোনো ধরনের একটি মুঠোফোন রয়েছে ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবারে। অর্থাৎ মুঠোফোন একেবারেই ব্যবহার করছে না, এমন পরিবারের সংখ্যা হাতে গোনা (১ শতাংশের মতো)।
জরিপে খানাপর্যায়ে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, বিদ্যুৎ ও ল্যান্ডফোন ব্যবহারের সবশেষ তথ্যও উঠে এসেছে। এতে দেখা যায়, দেশের ১৫ দশমিক ৩ শতাংশ পরিবারে বর্তমানে রেডিও ব্যবহার হচ্ছে, টেলিভিশন আছে ৫৯ দশমিক ৬ শতাংশ পরিবারে, কম্পিউটার রয়েছে ৯ শতাংশের আর বিদ্যুৎ-সংযোগ আছে ৯৮ দশমিক ৫ শতাংশ পরিবারে।


