বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট আগামী ১ মার্চ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা জানানো হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে উক্ত রুটে ফ্লাইট স্থগিত রাখার কথা ছিল। তবে টিকিটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে এক মাস পিছিয়ে ১ মার্চ থেকে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করে বিমান কর্তৃপক্ষ।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ফ্লাইট স্থগিত থাকাকালীন ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে যাতায়াতের ব্যবস্থা রাখা হবে।
এ সময় ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ সংশ্লিষ্ট বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সাময়িক এই অসুবিধার জন্য যাত্রী ও সংশ্লিষ্ট সকলের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে সবার সহযোগিতা কামনা করেছে বিমান কর্তৃপক্ষ।


