দু-একটি রাজনৈতিক দলের প্রধান ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন, যা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অন্তরায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গাজী আতাউর রহমান আরও জানান, এক মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকা, ব্যাংক স্টেটমেন্টে ওপেনিং ডেট না লেখা এবং মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকা সহ কিছু ক্লারিক্যাল ত্রুটির কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশে বেশ কয়েকটি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, এই ত্রুটিগুলো অতীতে সংশোধন করার সুযোগ ছিল, কিন্তু এবার তা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, কিছু প্রার্থীর ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও আমাদের প্রার্থীদের ক্ষেত্রে তা দেওয়া হয়নি। এটা বৈষম্য, এবং আমরা মনে করি অনিয়ম হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, লুট হওয়া অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার হয়নি, তবে ৭০ শতাংশ উদ্ধার হয়েছে। এ ছাড়া তিনি জানান, অবৈধ অস্ত্র প্রতিটি নির্বাচনের আগেই উদ্ধার করা হয়, তবে এবারের গতি কিছুটা কম।
গাজী আতাউর রহমান নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করেন এবং বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে এবং কয়েকটি দলের প্রধান ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন। এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায়।
তিনি মিডিয়ার প্রতি বিতর্কিত মন্তব্য করে বলেন, এগুলো বিভ্রান্তি ছড়ানোর জন্য জরিপ করা হচ্ছে। মিডিয়া যখন বিভ্রান্তি ছড়ানোর জন্য কাজ করবে, তখন নির্বাচনে অংশগ্রহণ অপ্রয়োজনীয় হয়ে যাবে।
গাজী আতাউর রহমান আরও বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি, এই শোক দিবস পালনের মাধ্যমে কিছু রাজনৈতিক দল বাড়াবাড়ি করতে পারে, যা নির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবিত করবে।’
গণভোটের প্রসঙ্গেও তিনি বলেন, নির্বাচন কমিশন গণভোটের ওপর যথেষ্ট মনোযোগ দিচ্ছে না এবং এটা জনগণের মধ্যে ভুলে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তিনি নির্বাচনী প্রচারণায় সরকারের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে তিনি জানান, আলোচনা চলছে এবং আশা করি দ্রুত সমাধান আসবে।


