দ্রুত গতিতে বেশি ডেটা আদান-প্রদান, কম ল্যাটেন্সি ও উচ্চ নিরাপত্তাবিশিষ্ট নতুন নেটওয়ার্ক সলিউশন সম্পর্কে ঘোষণা দিয়েছেন হুয়াওয়ের ডেটা কমিউনিকেশন প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট লিওন ওয়াং।
সম্প্রতি চীনের সাংহাইয়ে হুয়াওয়ের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৫’এ এই ঘোষণা দেন তিনি। এই নেটওয়ার্ক সলিউশনের নাম শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সলিউশন।
এই সলিউশনে তিনটি স্তর রয়েছে। এগুলেঅ হলো–এআইভিত্তিক বুদ্ধিমত্তা, এআইভিত্তিক সংযোগ এবং এআইভিত্তিক ডিভাইস। এই স্তরগুলি এআই এবং নেটওয়ার্কের সমন্বয়ে ভূমিকা রাখবে।
মঙ্গলবার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সলিউশনটি বিভিন্ন পরিস্থিতির জন্য উপযোগী সংযোগ পরিষেবা ও অভিজ্ঞতা দেবে। ফলে ডেটা লস না হওয়ার পাশাপাশি দ্রুত গতিতে বেশি ডেটার আদান-প্রদান, কম পরিমাণ ল্যাটেন্সি ও উচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
এআইয়ের জন্য তৈরি নেটওয়ার্ক, এআইচালিত নেটওয়ার্ক ও এআইভিত্তিক সুরক্ষা – এই ধারণার উপর ভিত্তি করে গঠিত সলিউশনটি বিভিন্ন শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে আরও বিকশিত করবে বলে প্রত্যাশা হুয়াওয়ের।
এআইয়ের দ্রুত ব্যবহারের ফলে নেটওয়ার্কের ক্ষেত্রে তিনটি প্রধান চাহিদা দেখা দিয়েছে। এগুলো হলো, কার্যকর কম্পিউটিং ক্ষমতার ব্যবহার, উন্নত অভিজ্ঞতার নিশ্চয়তা ও অজানা হুমকি থেকে সুরক্ষা। এসব বিষয় বিবেচনায় রেখেই হুয়াওয়ের শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্কে এআই-ভিত্তিক তিন স্তরের আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা চারটি মূল সলিউশনকে আরও উন্নত করবে।


