ঋণনির্ভর নয়, মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার

ঋণনির্ভর নয়, মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার
Advertisement
Advertisement

ঋণনির্ভরতা কমিয়ে মালিকানানির্ভর শিল্পায়নের পথে যেতে চায় সরকার এবং এজন্য উদ্যোক্তাদের ব্যাংকঋণের পরিবর্তে শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার রাজধানীর একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘শেয়ারবাজারে নতুন সরকারের চ্যালেঞ্জ ও করণীয়’ শিরোনামে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

রাশেদ আল মাহমুদ বলেন, কোন খাত ব্যাংকঋণ নেবে আর কোনটি পুঁজিবাজারে যাবে, এ বিষয়ে নীতিগত দিকনির্দেশনা ঠিক করতে হবে এবং আগামী অর্থবছরের বাজেটে এ লক্ষ্যে রূপান্তর ও সংস্কারের পদক্ষেপ থাকবে।

তিনি বলেন, ‘পুঁজিবাজারকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব থেকে বের করে সর্বজনের মালিকানা ও অংশগ্রহণের জায়গায় নিয়ে যেতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে প্রবাসীদের জন্য বিশেষ ইনভেস্টমেন্ট গেটওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে, যাতে তারা সহজে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন ‘

তিনি বলেন, ‘মুসলিম দেশগুলোর বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্সভিত্তিক পুঁজিবাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে।’

বাজারের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি ও ব্লকচেইন ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি।

অডিট ব্যবস্থা, সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠান এবং ক্রেডিট রেটিং সংস্থাগুলোর জবাবদিহি জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘অডিটরদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেন, তাই এসব প্রতিষ্ঠানের কাজের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।’

অর্থ মন্ত্রণালয়, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোকে শক্তিশালী করার মাধ্যমে এই জবাবদিহি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘ভোগনির্ভর অর্থনৈতিক মডেল টেকসই নয় এবং টেকসই অর্থনীতির জন্য বিনিয়োগনির্ভর মডেলে যেতে হবে।’

সরকার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে এবং পুঁজিবাজারকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

পুঁজিবাজার সংস্কারে তিনটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—কাঠামোগত সংস্কার, ব্যবস্থাপনাগত সংস্কার এবং বাজারের দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ।

তিনি বলেন, ‘বর্তমানে বাজার মূলধন জিডিপির মাত্র ১২ শতাংশ, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম।’

বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি এবং পুঁজিবাজারে জনগণের আস্থা ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি জানান।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, গত ১৮ মাসে কমিশন ১২৬টি তদন্ত করেছে এবং বিভিন্ন অনিয়মের জন্য মোট ১ হাজার ৪৮৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ২৩ লাখ টাকা আদায় হয়েছে।

জরিমানা আদায়ে বিলম্বের কারণ হিসেবে তিনি বলেন, আইনে জরিমানা পরিশোধের জন্য ৯ মাস সময় থাকে এবং অনেক ক্ষেত্রে আদালতে যাওয়ার কারণে প্রক্রিয়া দীর্ঘ হয়।

তিনি জানান, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে কমিশন প্রথমবারের মতো ১৬টি মানি লন্ডারিং-সংক্রান্ত মামলা দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে।

বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনা রোধে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট বন্ধ করতে ব্রোকারেজ হাউসগুলোতে ব্যাক অফিস সফটওয়্যার চালু করা হয়েছে বলেও তিনি জানান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, গত ১৫ বছরে পুঁজিবাজারকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি, তবে বর্তমান সরকার এ খাতকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনতে আন্তমন্ত্রণালয় সমন্বয় জরুরি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা, স্থিতিশীল অর্থনীতি এবং আইনের শাসন অপরিহার্য।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘বাজারে কর প্রণোদনা থাকলেও অতীতে ধস ঠেকানো যায়নি, তাই শুধু কর সুবিধা দিলেই বাজার শক্তিশালী হবে, এমন নিশ্চয়তা নেই।’

তিনি বলেন, ভবিষ্যতে এমন কোম্পানিকে তালিকাভুক্ত করা যাবে না, যারা বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে সক্ষম নয়।

মূল প্রবন্ধে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান বলেন, দেশের আর্থিক ব্যবস্থায় তারল্য সংকট, ব্যাংকিং খাতে চাপ এবং কর আহরণ কম হওয়ার মতো সমস্যাগুলো মূলত সঞ্চয় ও মূলধন বণ্টনের কাঠামোগত ভারসাম্যহীনতার ফল।

তিনি বলেন, পুঁজিবাজারের গভীরতা বাড়াতে বন্ড বাজার সম্প্রসারণ এবং ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি মনির হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব। এ ছাড়া বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন, অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ সভাপতি রিয়াদ মাহমুদ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার বক্তব্য দেন।

বক্তারা বলেন, ব্যাংকনির্ভর অর্থায়ন কমিয়ে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎসে পরিণত করা গেলে দেশের আর্থিক ব্যবস্থায় ভারসাম্য ফিরবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad