এ দেশের মানুষ ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের এবার লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘জনগণের টাকা লুট করা ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এবার মানুষ লাল কার্ড দেখাবে।’
মঙ্গলবার দুপুরে নোয়াখালী-২ (সোনাইমুড়ী–সেনবাগ) আসনের নির্বাচনী এলাকায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ও এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মো. জাকারিয়ার সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ জানান, অতীতে কৃষক-শ্রমিকের পেনশন ও ঋণ মওকুফের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা কথা রাখেনি, জনগণ তাদের চিনে ফেলেছে। যারা নিজেদের জাতীয়তাবাদী দাবি করে অথচ যাদের প্রার্থীরা বিদেশি নাগরিক, তাদের মুখে জাতীয়তাবাদ মানায় না।
এ সময় কিছু দল মুখে সংস্কারের কথা বললেও গোপনে মাঠপর্যায়ে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের মুনাফেকি রাজনীতি জনগণ বুঝে ফেলেছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
বিপক্ষ শক্তিকে সতর্ক করে তিনি বলেন, ‘আগামী ১২ তারিখ তারা তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু এবার আর শেখ হাসিনার মতো ভোট কাটার সুযোগ দেওয়া হবে না। আমরা ভোটকেন্দ্রে উপস্থিত থাকবো এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবো।’
নির্বাচনে কেউ যদি পেশিশক্তি দিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তারা বসে থাকবো না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যেখানে বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। ১৬ কোটি মানুষের ভোটাধিকার প্রয়োজনে জীবন দিয়ে হলেও রক্ষা করা হবে।
একই সঙ্গে মানুষ যদি নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তবে জয় নিশ্চিত আশ্বস্ত করেন তিনি। তিনি জানান, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের শাপলা কলি, রিকশা ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেনবাগের মাটি থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল, ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে তার চূড়ান্ত প্রতিফলন ঘটবে।


