রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় বাসের ধাক্কায় পরশ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে উত্তরা পূর্ব থানার সামনে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা জামাল হোসেন জানান, আজমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস পরশ মিয়াকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন।
স্বজনরা জানান, পরশ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যনগর গ্রামে। তিনি উত্তরা আজমপুর চালাবন এলাকায় থাকতেন। সোমবার তিনি বিজয় সরণিতে বোনের বাসায় এসেছিলেন এবং সেখান থেকে নিজের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।


