দীর্ঘ সাত বছরের স্থবিরতার পর অবশেষে নির্বাচনমুখী হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সংগঠনটির বহুল প্রতীক্ষিত নির্বাচন।
নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে যখন নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, তখনই আলোচনায় এসেছে প্রযোজক আরশাদ আদনানের একটি সিদ্ধান্ত। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করে আরশাদ আদনান জানান, একই পদে জনপ্রিয় চিত্রনায়ক উজ্জ্বল প্রার্থী হওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না।
এ বিষয়ে তিনি বলেন, ‘উজ্জ্বল সাহেব আমাদের চলচ্চিত্র পরিবারের অত্যন্ত সম্মানিত একজন মানুষ। আমি তাকে অনেক শ্রদ্ধা করি। তার বিপক্ষে নির্বাচন করার কথা ভাবতে পারিনি। তাই তার প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
সমিতির অফিস সেক্রেটারি সুমেন্দ্রনাথ জানান, আগামী ৮ আগস্ট বিএফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলবে ২৮ জুলাই পর্যন্ত।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় চলচ্চিত্রাঙ্গনে ইতোমধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। প্রযোজক, পরিচালক, শিল্পী ও প্রদর্শকদের মধ্যে সংগঠনটির কার্যক্রম পুনরায় সক্রিয় হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত নির্বাচনের মাধ্যমে সমিতি চলচ্চিত্র শিল্পের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। পরবর্তী সময়ে ভোটার তালিকা নিয়ে বিরোধ, আইনি জটিলতা এবং সাংগঠনিক নানা সমস্যার কারণে টানা সাত বছর নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। সেই দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনকে চলচ্চিত্র শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


