উজবেকিস্তান কুপোকাত, এশিয়ান গেমসের পথে বাংলাদেশ

উজবেকিস্তান কুপোকাত, এশিয়ান গেমসের পথে বাংলাদেশ
ছবি: এশিয়ান হকি ফেডারেশন
Advertisement
Advertisement

জাকার্তার গেলােরা বুং কার্নো হকি ফিল্ডের নীল টার্ফে শুক্রবার রচিত হলো বাংলাদেশের হকি ইতিহাসের এক সোনালি অধ্যায়। এশিয়ান গেমস হকি বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে প্রথম আন্তর্জাতিক জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী হকি দল। দীর্ঘ অপেক্ষার পর গঠিত হওয়া এই জাতীয় দল মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেই বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিল। শুক্রবারের এই ঐতিহাসিক জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা, যা তাদের জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের মূল পর্বে খেলার স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে।

আগের ম্যাচে চাইনিজ তাইপেকে রুখে দেওয়া অর্পিতা-রিয়ারা আজ ম্যাচের ১১ মিনিটেই লিড নেন। পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমনের নিখুঁত হিটে বল জালে জড়ালে ডাগআউটে শুরু হয় প্রথম উল্লাস। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি, ঠিক এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান উজবেকিস্তানের মাদিনাবানু খুজায়েভা। খেলার ধারার বিপরীতে গোল খেয়েও দমে যায়নি বাংলাদেশ। রক্ষণ সামলে পাল্টা আক্রমণে চড়াও হয় তারা। ২৪ মিনিটে কণা আক্তারের দুর্দান্ত এক ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার রিয়া। তবে চতুর্থ কোয়ার্টারের শুরুতেই (৪৬ মিনিটে) পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৩-২-এ কমিয়ে আনেন উজবেকিস্তান অধিনায়ক জুলখুমোর খাইদারোভা। ম্যাচের বাকি সময়টা ছিল চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ের। উজবেকিস্তান মরিয়া হয়ে আক্রমণ চালালেও বাংলাদেশের ডিফেন্ডাররা দেয়ালের মতো অটল থেকে নিশ্চিত করেন ঐতিহাসিক এই জয়।

ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে উচ্ছ্বসিত রিয়া বলেন, ‘আজকের ম্যাচে সেরা খেলোয়াড় হতে পেরে আমি খুবই খুশি। আমাদের দলের সবাই আমাকে দারুণ সহযোগিতা করেছে, যার ফলেই আজ আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। এই জয় আমাদের সবার।’ উল্লেখ্য, আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের হয়ে প্রথম গোলটির কৃতিত্বও এই রিয়ারই।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। আগামী রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে মাত্র একটি ড্র পেলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। আর এই টুর্নামেন্টের সেমিফাইনালে পা রাখা মানেই আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসের মূল লড়াইয়ের টিকিট নিশ্চিত করা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad