পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন।
পুলিশ জানায়, ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে লালপুর অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় ওই দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


