দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দিন নির্ধারিত রয়েছে। সেজন্য বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন তিনি।
দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন তিনি। এতদিন রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। গত বছর অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেননি।
ফলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি হিসাবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে।
গত ১২ ডিসেম্বর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন।’ পরে লন্ডনে দেওয়া ভাষণে সেকথা নিশ্চিত করেন তারেক রহমান নিজেও।
বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


