ঈদুল ফিতর উদ্যাপন শেষে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
রোববার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি রাতেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণে অংশ নিতে তিনি লন্ডনে গেছেন। সেখান থেকে পরবর্তীতে তার যুক্তরাষ্ট্র সফরের সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, স্বামী প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ ১৭ বছর লন্ডনে বসবাসের পর গত বছর দেশে ফেরেন জুবাইদা রহমান। লন্ডনে অবস্থানকালে তিনি একটি হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে, শনিবার ঈদের দিন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। পরে স্বামীর সঙ্গে শেরেবাংলা নগরে গিয়ে শ্বশুর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।


