প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপলক্ষে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ বোনাস দেওয়া হয়েছে।
ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর মিরপুর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই বোনাস আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে বোনাস তুলে দেন। এবারই প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই বোনাস দেওয়া হলো, যোগ করেন তিনি।
তিনি বলেন, আগামীকাল থেকে নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে, এবং নগর পরিচ্ছন্নতায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী ঈদে আরও বেশি বোনাস দেওয়া হবে।
‘আমি আপনাদের সহযোগী, আমরা সবাই একই পরিবারের সদস্য, একসঙ্গে এই শহর পরিচ্ছন্ন রাখতে কাজ করব, যোগ করেন তিনি।
ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন, সরকার আপনাদের প্রতি আন্তরিক, আপনারাও দায়িত্ব পালনে আন্তরিক থাকবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।


