নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সবক্ষেত্রেই তুখোড় অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে ঈদ ইত্যাদিতে দর্শকপর্বের অতিথি হিসাবে। আর শক্তিমান এই অভিনেতা ইত্যাদিতে সরাসরি অভিনয় করবেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে।
ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারেও দর্শক পর্বের জন্য একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে চারজন । এরপর তাদেরকে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। আর এই পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। যিনি তাৎক্ষণিক প্রস্তুতিতে একাই দর্শকদের সঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। মোশাররফ করিম ও দর্শকদের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে চমৎকার বক্তব্য।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।


