ঈদুল আজহার ছুটিতে চাঁদপুরের ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে দর্শনার্থীদের ঢল নেমেছে। চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা সব বয়সী মানুষের পদাচরণায় মুখর হয়ে উঠেছে এই মিলনস্থল।
শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে ভিড় করছেন এখানে। নদীর পাড়ে বসে গল্প-আড্ডায় মেতে ওঠার পাশাপাশি অনেকে ট্রলার ও নৌকায় করে মেঘনার বুকে জেগে ওঠা বালুচর ‘মিনি কক্সবাজার’ ঘুরে দেখছেন। বিশেষ করে বিকালের সূর্যাস্তের সময় দর্শনার্থীদের ভিড় আরও বাড়ে।
চাঁদপুর সদরের চান্দ্রা এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন বলেন, ‘জেলায় ভালো বিনোদন কেন্দ্র না থাকায় বারবার আমরা এখানে সময় কাটাতে আসি।’
মানিকগঞ্জ থেকে আসা সাইদুল ইসলাম জানান, ঈদের ছুটিতে ভিন্ন পরিবেশের খোঁজে পরিবার নিয়ে চাঁদপুরে এসেছেন এবং তিন নদীর মোহনার সৌন্দর্য তার ভালো লেগেছে।
কুমিল্লা থেকে আসা কলেজ শিক্ষার্থী আসাদুজ্জামান বলেন, ‘নদীর মাঝখানে ট্রলারে ঘোরাঘুরি আর বালুচরে সময় কাটানোর অভিজ্ঞতা দারুণ।’
লক্ষ্মীপুরের রায়পুর থেকে আসা মিনহাজ উদ্দিন জানান, তিন নদীর মিলনস্থলের ঢেউ দেখতে বন্ধুরা মিলে এখানে এসেছেন।
দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নৌথানা ও সদর মডেল থানা পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘ঈদ উৎসবে মানুষের সার্বিক নিরাপত্তায় তিনটি টহল টিম কাজ করছে। বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত তিন নদীর মোহনায় আলাদা একটি টিম রয়েছে এবং সড়কের প্রতিটি মোড়ে ট্রাফিক টিম কাজ করছে। মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত ও ঘোরাঘুরি করতে পারে, সেজন্য পুলিশ সজাগ রয়েছে।’


