পাঁচ পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শেরপুর, নাটোর ও খুলনার তিন পুলিশ সুপারসহ মোট পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে খুলনার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএন-এ বদলি করে সেখানে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে স্থলাভিষিক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


