ইরানের পাল্টা হুমকি: রণে ভঙ্গ দিলেন ট্রাম্প

ইরানের পাল্টা হুমকি: রণে ভঙ্গ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রণে ভঙ্গ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্টরা মনে করছেন, ইরানের পাল্টা হুমকির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি (ট্রাম্প)। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হচ্ছে সোমবার।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার ট্রাম্প এ তথ্য জানান।

তিনি লিখেছেন, ‘গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার একটি অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ পর্যায় হয়েছে। এই আলোচনার মেজাজ ও সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা না করার নির্দেশ দিয়েছি। তবে এটি চলমান আলোচনার সাফল্যের ওপর নির্ভর করছে।’

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে ইরানের একটি সূত্র আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজকে জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে তাদের কোনো সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ হয়নি। ওই সূত্র দাবি করেছে, হুমকির পর যুক্তরাষ্ট্র পিছু হটেছে।

এর আগে ট্রাম্প রোববার ভোরে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে। ইরান পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের সব বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোকে টার্গেট করা হবে এবং হরমুজ প্রণালি বন্ধ করে মাইন স্থাপনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রণালিটি অর্ধেক বন্ধ হয়ে গিয়েছিল। সংঘর্ষ শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কখনো কখনো ৫০ শতাংশের বেশি বেড়ে গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad