মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে ফের প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। নিহত হবি মিয়া (৩৭) মুন্সিগঞ্জ সদর উপজেলার
অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নলি মিয়া পাইক। ভাগ্য পরিবর্তনের আশায় তিনি প্রায় ১০ বছর আগে ইরাকে যান।
প্রবাসী হবি মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচাতো ভাই কাদির গাজি জানান, তিনদিন আগে ইরাকে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই পা এবং বুকে আঘাত পান হবি মিয়া।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু বলেন, তার স্বামীর সঙ্গে সবশেষ গত শুক্রবার (১৩ মার্চ) কথা হয়। পরে আর তাকে ফোনে পাওয়া যায়নি।
খাদিজা বলেন, ‘তার (হবি মিয়া) সঙ্গে থাকা অন্য প্রবাসীরা মঙ্গলবার রাতে আমাকে ফোন করে জানান, যুদ্ধে বোমা হামলায় তার মৃত্যু হয়েছে।’
‘রাষ্ট্রের কাছে আমার দাবি- আমার স্বামীর মরদেহ যাতে দ্রুত সময়ের মধ্যে দেশে আনার ব্যবস্থা করা হয়’, যোগ করেন খাদিজা।
হবি মিয়ার দুই মেয়ে আলিশা (১৪) ও হাবিবাও (১০) বাবার অকাল মৃত্যুতে মুষড়ে পড়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে ভীড় করছেন বহু আত্মীয়স্বজন এবং এলাকাবাসী।
এদিকে মুন্সিগঞ্জ জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কার্ত্তিক চন্দ্র দেবনাথ হবি মিয়ার মৃত্যু প্রসঙ্গে বলেন, ‘এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে আনার জন্য সকল ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ১০ বছর ধরে তিনি ইরাকে আছেন। সেখানে তিনি বিভিন্ন কাজ করতেন।’


