ইরাকের ওয়াসিত প্রদেশের কুত শহরের একটি নতুন চালু হওয়া শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, নিখোঁজ রয়েছেন কয়েকজন।
বুধবার (১৬ জুলাই) গভীর রাতে পাঁচতলা বিশিষ্ট ‘কর্নিশ হাইপারমার্কেট’ নামের ওই শপিং মলে আগুন লাগে। মাত্র এক সপ্তাহ আগে উদ্বোধন হওয়া এই ভবনে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। ভবনের ভেতর থেকে ৪৫ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগুনের সূত্রপাত হয় ভবনের দ্বিতীয় তলায়, যেখানে সুগন্ধি ও প্রসাধনী সামগ্রী বিক্রি হতো। দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অধিকাংশ মানুষ দম বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি দুর্ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করে তিন দিনের শোক ঘোষণা করেছেন। একইসঙ্গে ভবনের মালিক ও শপিং মল পরিচালনাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানিয়েছেন। তবে অভিযোগের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
তার দাবি, ভবনটিতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছিল না, অথচ এটি জনসাধারণের জন্য শপিং মল হিসেবে চালু করা হয়েছিল।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


