সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইঁদুর মারার জন্য ধানখেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মণ্ডল (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, শনিবার রাতে চাঁদপুর গ্রামে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবোধ মণ্ডল ওই গ্রামের ধীরেন্দ্র মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, বোরো ধানের খেতে ইঁদুরের উপদ্রব কমাতে খেতের চারপাশে চিকন জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল।
শনিবার রাতে সুবোধ মণ্ডল ও তার ছোট ভাই একসঙ্গে তাদের ধানখেত দেখতে যান। পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যান।
কিছু দূর যাওয়ার পর পেছনে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি আবার খেতের দিকে ফিরে আসেন। সেখানে গিয়ে দেখেন, সুবোধ মণ্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন।
দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


