আরও ৫ দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকালে সংস্থাটির ওয়েবসাইটে সবশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি, দমকা-ঝড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এতে বলা হয়, রোববার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭ মে পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং কোথাও কোথাও সামান্য পরিবর্তন হতে পারে।


