কক্সবাজারের মহেশখালী থেকে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে কোস্টগার্ড ও নৌ-বাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক। আটককৃত ব্যক্তির নাম আহসান উল্লাহ (৪৫)। তিনি কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান সদস্য।
সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথদল মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন পাহাড়ে অভিযান চালায়। এ সময় মিন্টুর আস্তানা থেকে আহসান উল্লাহকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে আস্তানা থেকে চারটি দেশীয় পিস্তল, দুইটি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, আটটি তাজা কার্তুজ, তিনটি ফাঁকা কার্তুজ এবং সাতটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহসান উল্লাহ জানান, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


