জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট আরও দুটি হত্যামামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এনিয়ে আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলার সবকটিতেই সর্বোচ্চ আদালতে তার জামিন বহাল রইল।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের জন্য আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাষ্টপ্রতি। রোববার সেই আবেদনে ‘নো অর্ডার’ দেন বিচারপতি মো. রেজাউল হক।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু, আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান এবং এস এম হৃদয় রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন।
এই আদেশের পর সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, আপিল বিভাগ সম্প্রতি আরও ১০টি মামলায় তার হাইকোর্টের জামিন বহাল রেখেছেন। ফলে সব মামলাতেই তিনি জামিন পেলেন।
এর আগে গত ৩০ এপ্রিল হাইকোর্ট আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। একই সঙ্গে আইভীকে কেন এই মামলাগুলোতে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি দুটি পৃথক রুল জারি করেছিল আদালত।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেলিম মণ্ডল ও আব্দুস সালাম নামের দুই ব্যক্তি নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করা হয়েছিল।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অন্য পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরপরই আইভীকে এই দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
পোশাক শ্রমিক মিনারুল হত্যার ঘটনায় গত বছরের ৯ মে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাকে আরও নয়টি ফৌজদারি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
এর আগে গত বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইভীকে ১০টি মামলায় জামিন দেয়।


