তামিলনাড়ুতে ‘প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ’ গড়ে তোলার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ওরফে বিজয় থালাপতি। একই সঙ্গে জনগণের কাছে কাজের মূল্যায়নের জন্য কিছুটা সময়ও চেয়েছেন তিনি।
ভারতের দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় অভিনেতা রোববার সকালে রাজ্য মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় করিয়েছেন।
চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে শত শত মানুষের উপস্থিতিতে তিনি বলেন, ‘আমি কোনো রাজকীয় বা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য নই। আর এ কারণেই সাধারণ মানুষ আমাকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, ভোট দিয়েছে। আমি কাওকে নিরাশ করতে চাই না।’
ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া ৫১ বছর বয়সী এই নেতা বলেন, ‘আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করব না। প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ গড়ে তুলতে চাই।’
বিজয় বলেন, ‘আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র হব।’
নতুন মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যকে ‘তার সরকারের ওপর অন্য কোনো দলের প্রভাব থাকবে না’ ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। অর্থাৎ, থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নেতৃত্বাধীন সরকার জোটসঙ্গীদের চাপে পরিচালিত হবে না।
বিজয় তার ভাষণে নির্বাচনি হলফনামায় উল্লেখ করা মোট সম্পদের পরিমাণও উল্লেখ করেন। জানান, তার নামে থাকা মোট সম্পদ ৬২৪ কোটি রুপি, এর মধ্যে ২১৩ কোটি রুপি বিভিন্ন সঞ্চয়ী হিসাবে রয়েছে এবং ১০০ কোটি রুপি বিভিন্ন ব্যাংকে মেয়াদি আমানত হিসেবে বিনিয়োগ করা হয়েছে।
বিজয় বলেন, ‘স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে তিনি রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের বিষয় বিবেচনা করবেন।’
নতুন মন্ত্রিসভায় মোট নয়জন মন্ত্রী রয়েছেন। সেখানে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় রাখা হয়েছে এবং বিজয়ের ঘনিষ্ঠ সহযোগীরাও জায়গা পেয়েছেন।
এদিকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে জনগণের জীবনমান উন্নয়নে কেন্দ্র সরকার বিজয়ের রাজ্য সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
শপথ শেষে সরকারি নথিতে প্রথম সই করেই তিনি গৃহস্থালি গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেন। পাশাপাশি নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্তেও সই করেন।


