সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করে তুলতে আসন্ন নির্বাচনে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাগে হবে। আমরা কোন বিষয়ে ছাড় দেব না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট দেয় তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে।’
মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার জানান, ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের ব্যবস্থা করতে হবে। কোনো ভোটার যেন বাধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। সবার ভোট প্রদান নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য।
সেই সঙ্গে তিনি এমন একটি পরিবেশ তৈরির আহ্বান জানান, যেখানে বয়স ও লিঙ্গভেদে সব ভোটার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগতে পারে। কারণ প্রতিটি ব্যালটে ১১৯টি প্রতীক রয়েছে।
এ ছাড়া প্রবাসীদের ক্ষেত্রে ব্যালটে ভোট দেওয়ার সময় সংশ্লিষ্ট এজেন্টদের সামনে প্রতীক দেখিয়ে নিশ্চিত করতে হবে, ভোটার কোথায় ভোট দিয়েছেন।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা, নির্বাচন কর্মকর্তারা এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


