জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মো. মাহমুদুল হাসান টাইমসকে এ বিষয়টি নিশ্চিত করেন । এর আগে, বৃহস্পতিবার এ মামলার ৮০৯ পৃষ্ঠার রায় প্রকাশিত হয়।
আবু সাঈদ হত্যা মামলায় গত ৯ এপ্রিল রায় দেয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। দণ্ডিতদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ, প্রক্টর শরিফুল ইসলামসহ সাতজন কারাগারে রয়েছেন। বাকিরা হলেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়; ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ। এদের মধ্যে আমির ও সুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। বিচার চলাকালে পলাতক থাকলেও সম্প্রতি গ্রেফতার হন বেরোবির সাবেক উপাচার্য।
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। এই ঘটনাটি পরে তদন্ত ও বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে।
গত বছরের ২৪ জুন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ৬ আগস্ট এই মামলার বিচার শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিপক্ষে কোনো সাফাই সাক্ষী ছিলো না।


