জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও দুই সদস্যের প্যানেল এ আদেশ দেন।
এদিন পলাতক আসামিদের পক্ষে সরকারি আইনজীবীরা শুনানি করেন। সুজাত মিয়া পাঁচজনের পক্ষে, মামুনুর রশীদ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পক্ষে, এবং ইশরাত জাহান ও শহিদুল ইসলাম শুনানি করেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম ও তার সহকর্মীরা।
এর আগে ২৯ জুলাই তিন আসামির পক্ষে শুনানি হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর শরিফুল ইসলামের পক্ষে আইনজীবী আমিনুল গণি টিটো, কনস্টেবল সুজন চন্দ্র রায়ের পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু, এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশের পক্ষে আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান শুনানি করেন। এই তিনজনের অব্যাহতির আবেদন করা হয়।
এদিকে ছয় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
এ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ জুলাই সম্পন্ন হয়েছিল।
প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন।


