রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ‘আলোচিত সন্ত্রাসী’ ও ‘মাদক কারবারি’ চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পে তার একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-২-এর সিপিএসসি।
র্যাব-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম জেনেভা ক্যাম্পের মাদক ও অপরাধজগতের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব-২-এর একটি বিশেষ ইউনিট অভিযান চালায়। ইউনিটটির নেতৃত্ব দেন সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জেনেভা ক্যাম্পের ঘনবসতিপূর্ণ ও জটিল পরিবেশের কারণে সেখানে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা কঠিন। অভিযানের খবর পেয়ে অনেক সময় অপরাধীরা আত্মগোপনে চলে যায়। চুয়া সেলিমও দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতরে ও বাইরে বিভিন্ন গোপন আস্তানা ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
র্যাব আরও জানিয়েছে, চুয়া সেলিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ৩৫টিরও বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


