রাশিয়ার পূর্বাঞ্চলে আনুমানিক ৫০ জন যাত্রী বহনকারী একটি আন্তোনভ আন-২৪ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, এ দুর্ঘটনায় সকলেই নিহত হয়েছেন।
রয়টার্স রুশ জরুরি পরিষেবা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, প্রায় ৫০ বছরের পুরনো সোভিয়েত যুগের বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ হেলিকপ্টার থেকে শনাক্ত করে উদ্ধারকারী দল। পরে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টাইন্ডা যাচ্ছিল। পথিমধ্যে চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় পৌঁছানোর সময় সেটি রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা গেছে, সাইবেরিয়াভিত্তিক ‘আনগারা’ নামক একটি এয়ারলাইন বিমানটি পরিচালনা করছিল।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ রয়টার্সকে জানান, বিমানটিতে পাঁচ শিশু সহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।
রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, বিমানটির ধ্বংসাবশেষ টাইন্ডা থেকে প্রায় ১৫ কিলোমিটার (১০ মাইল) দূরে একটি পাহাড়ি এলাকায় পাওয়া গেছে।


