সোনার দাম এই বাড়ছে তো এই কমছে। এবারে মূল্যবান এ ধাতুটির দাম ভরিতে কমেছে ১ হাজার ৯২৫ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায়।
রোববার সন্ধ্যায় আবার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার থেকেই নতুন এই দামে সারা দেশে সোনা বিক্রি হবে। অন্যান্য মানের সোনার দামও একই হারে কমানো হয়েছে।
এর আগে গত শনিবার সকালে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমানো হয়েছিল ১৫ হাজার ৭৪৬ টাকা। তাতে ভরি নেমেছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকায়। ১২ ঘণ্টা না যেতেই সেদিন রাতে আবার দাম ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়। ভরি ওঠে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকায়।
তার আগে বাড়তে বাড়তে সোনার দাম পৌঁছায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এটাই ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ দামের রেকর্ড।
নতুন ঘোষণা অনুযায়ী সোমবার থেকে হলমার্ক করা এক গ্রাম ২২ ক্যারেট মানের সোনা ২২ হাজার ১০০ টাকায় বিক্রি হবে। অর্থাৎ এক ভরি কিনতে দিতে হবে (১১.৬৬৮ গ্রাম) ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকায়।
এছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমে ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ১ হাজার ৩৪১ টাকা কমে ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকায় বিক্রি হবে।
তবে অপরিবর্তিত আছে রুপার দাম।


