এ প্রজন্মের সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি। কাজ করেছেন শাকিব খান অভিনীত ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’-এর মতো ব্যবসাসফল ছবির আবহ সংগীতে। ছবিগুলোতে তার করা কাজ দর্শক-বোদ্ধা সবারই পছন্দ হয়েছিল। আলোচিত এ সংগীত পরিচালক থাকছেন শাকিব খান অভিনীত পরিবর্তী ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-তেও।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটিতে মঙ্গলবার প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ডের অফিসে চুক্তিবদ্ধ হন এ তরুণ। নিধিসহ এতে আরও উপস্থিত ছিলেন প্রযোজক শিরিন সুলতানা, আবু হায়াত মাহমুদ।
আরাফাত মহসীন নিধি বলেন, ‘নতুন এই ছবির গল্প শুনেছি, এককথায় দুর্দান্ত। কিছু ক্যারেক্টারের আলাদা সাউন্ড থিম থাকবে। যে সময়ের গল্প, তখন আমাদের দেশে রক গানের প্রচলন ছিল। সেটাও মাথায় রেখেছি। এ ছবির মিউজিক ডিজাইনটা শুনলে দর্শক বুঝবে টাইমের মধ্যে আছি।’
তিনি বলেন, ‘পিরিয়ডটা আগের হলেও গল্পে নতুনত্ব আছে। দর্শকদের কাছে একেবারে নতুন এবং ফ্রেশ মনে হবে। আমি চেষ্টা করব শাকিব ভাইয়াকে নতুন মিউজিকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচয় করাতে। তা ছাড়া, হায়াত ভাই যেহেতু লার্জার দেন লাইফ ফিল্ম বানাচ্ছেন, আমিও মিউজিক বা সাউন্ড তেমন কিছু দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব।’
২০১৫ সালে ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে নিধি কাজ শুরু করেছিলেন। এরপর ‘ইতি তোমারই ঢাকা’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘বরবাদ’, ‘ইনসাফ’, ‘তাণ্ডব’ ছবিগুলোর আবহ সংগীত করেছিলেন। পাশাপাশি বহু ওয়েব সিরিজ ও টিভিসিতে কাজ করেছেন।


