দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশেও সোনার দাম কমেছে। একই সঙ্গে কমেছে রূপার দামও।
সে হিসেবে মঙ্গলবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এতে বলা হয়, মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে।
এ ছাড়াও গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হয়েছে।
চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম কমানো বা বাড়ানো হয়। এ বছর ২৯ জানুয়ারিতে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার ২২৩ টাকা বেড়েছিল। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।


