সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বাতিলই রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে তার আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করেন মনিরা শারমিন।
মনিরা শারমিনের হলফনামার তথ্য অনুযায়ী তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ত্যাগ করেন। সেই হিসেবে চাকরি ছাড়ার পর এখনো তিন বছর পূর্ণ হয়নি, মাত্র চার মাস অতিবাহিত হয়েছে।


