আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জামালুন্নেসাকে নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুলের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতা করার পর সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি ব্যাপক আলোচনায় আসে। এরই পরিপ্রেক্ষিতে ডা. শেখ মহিউদ্দিন দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং পরিচালনা পর্ষদ অধ্যাপক জামালুন্নেসাকে নতুন দায়িত্ব প্রদান করে।


