ইরাক-ইরান সীমান্তে মার্কিন হামলায় নিহত ৩
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে।
জানা গেছে, কুয়েত ভূখণ্ডের দিক থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি আল-জুবায়ের এলাকার একটি ফলের বাগান, একটি কৃষি গুদাম এবং একটি বসতবাড়িতে আঘাত হানে।
হামলায় দুটি পিকআপ ভ্যানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আল জাজিরা
লেবাননে ১ ইসরায়েলি সেনা নিহত, আহত অনেক
ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ লেবাননে লড়াই চলাকালীন একজন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে।
সূত্র: আল জাজিরা
ইরানে পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? যা জানাল হোয়াইট হাউস
ইরানে পারমাণবিক বোমা হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। ইরানে সামরিক অভিযান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে সংস্থাটি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা ‘এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’–ভ্যান্সের এমন মন্তব্যের পর হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
হোয়াইট হাউসের প্রতিক্রিয়ায় বলা হয়, ‘ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন, তাতে আক্ষরিক অর্থে এমন কিছুর আভাস নেই, ওহে নির্বোধের দল।’
সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে এই মন্তব্য করে হোয়াইট হাউস। ওই পোস্টে দাবি করা হয়েছিল, ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন–ভ্যান্স এমন ইঙ্গিতই দিয়েছেন।
সূত্র: এএফপি
ট্রাম্পের ইরান ধ্বংসের হুমকি, মার্কিন আইনপ্রণেতারা বললেন ‘চরম অসুস্থ একজন ব্যক্তি’
ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সময়সীমা মেনে না চলে, তবে তাদের ‘সভ্যতা’ ধ্বংস করে দেওয়ার যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার প্রেক্ষিতে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন।
ডেমোক্রেটিক সিনেট নেতা চাক শুমার: ‘ট্রাম্প একজন চরম অসুস্থ ব্যক্তি। যেসব রিপাবলিকান এই অপ্রয়োজনীয় যুদ্ধের বিপক্ষে ভোট দিতে আমাদের সাথে যোগ দিতে অস্বীকার করছেন, তারা সবাই এই পাগলামির প্রতিটি পরিণতির জন্য দায়ী থাকবেন।’
ডেমোক্রেটিক হাউস নেতা হাকিম জেফরিস: ‘ট্রাম্প আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দেওয়ার আগে কংগ্রেসকে অবিলম্বে ইরানের এই হঠকারী যুদ্ধ বন্ধ করতে হবে। এখন সময় প্রতিটি রিপাবলিকানের জন্য দলের চেয়ে দেশপ্রেমকে বড় করে দেখা এবং এই উন্মাদনা বন্ধ করা। অনেক হয়েছে।’
কংগ্রেসম্যান জেসন ক্রো: ‘একটি সভ্যতাকে বিলুপ্ত করার ডাক দেওয়া একটি যুদ্ধাপরাধ। আমি বারবার বলেছি, আমাদের সামরিক বাহিনীকে কেবল বৈধ আদেশ পালন করতে হবে। বিবেকসম্পন্ন প্রতিটি আমেরিকানকে এর প্রতিবাদ জানাতে হবে।’
কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন: ‘এটি পুরোপুরি শয়তানি। মার্কিন প্রেসিডেন্টের এই গণহত্যা ও যুদ্ধাপরাধ করার হুমকি ফেডারেল এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ।’
সূত্র: আল জাজিরা
ইরানের আটটি সেতুতে ইসরায়েলের হামলা
ইরানের রেলওয়ে এবং সেতুগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলার বিষয়ে নেতানিয়াহুর ঘোষণার পর সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে আটটি সেতুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, এই সেতুগুলো আইআরজিসি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করত।
এতে বলা হয়েছে, লক্ষ্যবস্তু করা এই সেতুগুলো তেহরান, কারাজ, তাবরিজ, কাশান এবং কোমসহ ইরানের বেশ কয়েকটি এলাকায় অবস্থিত।
সূত্র: আল জাজিরা
লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১৫৩০
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১ হজার ৫৩০ জন নিহত হয়েছেন।
একই সময়ে আরও ৪ হাজার ৮১২ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানজুড়ে রেলপথ ও সড়ক যোগাযোগ অবকাঠামোতে হামলা
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আগাম হুমকির পর মঙ্গলবার ইরানজুড়ে একাধিক রেলপথ, সড়ক সেতু ও যোগাযোগ অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে। এর আগে, ইসরায়েলি বাহিনী ইরানের নাগরিকদের ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে। আল-জাজিরার সরাসরি আপডেটেও রেল সেতুতে হামলার তথ্য প্রকাশ করা হয়েছে।
ইরানের আধাসরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দেশটির কাশান শহরের একটি রেল সেতুতে হামলায় দুজন নিহত হয়েছেন। একই তথ্য বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরের একটি রেললাইনে বিমান হামলা চালানো হয়েছে। সেখান থেকে আহত একজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার ভিডিওও প্রকাশ করেছে সংস্থাটি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়কপথের কয়েকটি সেতু লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাবরিজ-তেহরান মহাসড়কের একটি অংশ হামলার শিকার হয়েছে।
এ ছাড়া, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে জানানো হয়, আহওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
চলমান হামলার কারণে তাবরিজ ও জানজান শহরের মধ্যকার মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্যারেহ চামান-মিয়ানেহ সড়কটিও উভয় দিক থেকে বন্ধ রয়েছে বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও রয়েছে।
সূত্র: সিএনএন
রাতে ইরানের সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুমকি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে এসেছে। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।’
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। তিনি বলেন, ‘আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে।’
ট্রাম্প আরও বলেন, ‘এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছে, হয়তো কিছু বিপ্লবী চমৎকার কিছু ঘটতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব–বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।’
সূত্র: আল জাজিরা


