হবিগঞ্জ-১ আসনে সদ্য বিএনপিতে যোগ দেওয়া দলটির প্রার্থী রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগে জানানো হয়, রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে এবং ৩ জানুয়ারি বিকাল ৪টায় পাঞ্জারাই বাজারে কর্মী-সমর্থকদের সঙ্গে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালান, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
পরে সহকারী রিটার্নিং অফিসার ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ দাখিল করেন। পাশাপাশি নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডের বাসিন্দা জিতু মিয়া সেন্টু এবং মধ্য বাজার এলাকার বাসিন্দা মসফিকুজ্জামান চৌধুরী নোমান প্রচারণার দুটি করে ছবি সংযুক্ত করে অভিযোগ করেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।
প্রাথমিকভাবে এসব অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘনের শামিল বলে মনে হওয়ায় কেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না, এ বিষয়ে নোটিশের মাধ্যমে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
শোকজ নোটিশের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


