অতীতের ‘প্রহসন’, ‘প্রতারণা’, ‘তামাশা’র নির্বাচন থেকে উর্ধে ওঠে আগামী সংসদ নির্বাচনকে ‘স্মরণীয়’ করে রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
এবার নির্বাচনের প্রাক্কালে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার রদবদল করা হয়েছে। এপ্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তা নিয়োগে যাতে কোনো রকম পক্ষপাতিত্ব না হয়। কারণ কারো ওপর বিষয়টি ছেড়ে দিলে অনেক সময় শত চেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বললেই চট করে অতীতের কিছু নির্বাচনের কথা মনে আসে। কেউ প্রহসনের নির্বাচন বলে, কেউ প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে। সেখান থেকে বহু উপরে চলে যেতে হবে। এমন নির্বাচন করতে হবে যাতে বিদেশি পর্যবেক্ষকরা এসে বলতে পারে তারা স্মরণীয় নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন।
মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে আছে। অন্তর্বর্তী সরকারকে ধাত্রীর কাজ করতে হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্মলাভ করবে। এই নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে।


