বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জয় দিয়ে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছে জাতীয় দলের তারকা ঠাঁসা নর্থ জোন। সোমবার আকবর আলীর দারুণ এক সেঞ্চুরিতে ৩৩৫ রানের বিশাল সংগ্রহ নিয়ে ইস্ট জোনকে আটকে দিয়েছে ২৮১ রানে। চার উইকেট নেয়া রিশাদ হোসেনের লেগ স্পিনে পেয়েছে ৫৪ রানের জয়।
লক্ষ্য তাড়ায় নেমে ৬৯ রানের মধ্যেই প্রথম তিন ব্যাটারকে হারায় ইস্ট জোন। জাকির হাসান আউট হয়েছেন সিংগেল ডিজিটে। পারভেজ হোসেন ইমন ৩৫ ও অমিত হাসান করেন ২২ রান। এরপর অধিনায়ক ইয়াসির আলীর সাথে ৭২ রানের জুটি গড়েন মুমিনুল হক। ইয়াসিরের ব্যাট থেকে আসে ৪২ রানের ইনিংস।
শামীম পাটোয়ারী, সাইফউদ্দিনরা ব্যর্থ হয়েছেন বড় ইনিংস খেলতে। যদিও মুমিনুল ছাড়া আর কেউই সেভাবে রান পাননি মিডল অর্ডারে। দলের অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেছেন ৮২ বলে ৮৩ রানের ইনিংস। আউট হয়েছেন রিশাদের বলে সুইপ করতে গিয়ে। মুমিনুলের সাথে ইয়াসির, সাইফউদ্দিন ও শামীমের উইকেট নিয়ে রিশাদ তার বোলিং শেষ করেছেন ১০-০-৫৭-৪ ফিগার নিয়ে।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা নর্থ জোনের স্কোরকার্ড যখন ১১৮/৪, তখন উইকেটে যান আকবর। এর আগে তানজিদ ৪৪ বলের ৫৪ ইনিংসে খেলে ফিরেছেন অবশ্য অধিনায়ক শান্তর সাথে ৮২ রানের জুটি গড়ে। মাঝে লিটন , হৃদয় রান পাননি।
তবে আকবর এসে ঠিকই দিলেন নিজের সেরাটা। ৬৮ রানের ইনিংস খেলা শান্তর সাথে ১২০ রানের জুটি, এরপর ইনিংসের প্রায় শেষ পর্যন্ত ব্যাট করে ছুঁলেন সেঞ্চুরি। ৮৭ বলে ৬ ছক্কা আর ৮ চারে ১১১ পর্যন্ত যেতে পেরেছেন আকবর। আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে। অবশ্য এই সাইফউদ্দিনের ওপরই সবচেয়ে বড় ঝড়টা গেছে। ১০ ওভার বল করে ৯৮ রানে নিয়েছেন দুই উইকেট।
দলকে ৩০০ পার করে দিয়ে আকবর আউট হলেও আব্দুল গাফফার সাকলাইন আর শরীফুলের শেষের ঝড়ে ৩৩৫ রান পর্যন্ত যায় নর্থ জোন। খালেদ আহমেদ নেন চার উইকেট।


