বিসিএল ওয়ানডে ভার্সনের এবারের আসর শুরুর দুই দিন আগে নর্থ জোনের কোচ হান্নান সরকার বলেছিলেন, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩০০ রানের ইনিংস দেখাও সম্ভব। টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই দেখা মিলল ৩০০ ছাড়ানো ইনিংসের। সোমবার ইস্ট জোনের বিপক্ষে আকবর আলীর দারুণ এক সেঞ্চুরিতে ৫০ ওভার ব্যাট করে ৩৩৫ রান করেছে নর্থ জোন।
নর্থ জোন দলটা এমনিতেই জাতীয় দলের তারকা ঠাঁসা। তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, নাহিদ রানারা খেলছেন নর্থের হয়ে। তবে তাদের ছাপিয়ে আলো কাড়লেন আকবর। উইকেটে যখন আসেন, তখন ১১৮ রানে ৪ উইকেট পড়ে গেছে নর্থ জোনের। তানজিদ ৪৪ বলের ৫৪ ইনিংসে খেলে ফিরেছেন অবশ্য অধিনায়ক শান্তর সাথে ৮২ রানের জুটি গড়ে। মাঝে লিটন , হৃদয় রান পাননি।
তবে আকবর এসে ঠিকই দিলেন নিজের সেরাটা। ৬৮ রানের ইনিংস খেলা শান্তর সাথে ১২০ রানের জুটি, এরপর ইনিংসের প্রায় শেষ পর্যন্ত ব্যাট করে ছুঁলেন সেঞ্চুরি। ৮৭ বলে ৬ ছক্কা আর ৮ চারে ১১১ পর্যন্ত যেতে পেরেছেন আকবর। আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে। অবশ্য এই সাইফউদ্দিনের ওপরই সবচেয়ে বড় ঝড়টা গেছে। ১০ ওভার বল করে ৯৮ রানে নিয়েছেন দুই উইকেট।
দলকে ৩০০ পার করে দিয়ে আকবর আউট হলেও আব্দুল গাফফার সাকলাইন আর শরীফুলের শেষের ঝড়ে ৩৩৫ রান পর্যন্ত যায় নর্থ জোন। খালেদ আহমেদ নেন চার উইকেট।


