আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামকে স্বাগত জানিয়েছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘আশা করি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলবে। নতুন চিফ প্রসিকিউটর চাইলে আমি তাকে সহযোগিতা করব।’
এর আগে সোমবার আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১৯৭৩ এর ধারা ৭ অনুযায়ী মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। তিনি এ পদে অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
একই প্রজ্ঞাপনে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা স্মারকের মাধ্যমে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে বলে জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


