জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে কেয়ামতের মতো পরিস্থিতি হবে। আর বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সমর্থকদের সুরক্ষা দেওয়া হবে।
সংসদ নির্বাচনের প্রচারে নেমে একথা বলেছেন মৌলভীবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে।
বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এই নির্বাচনী উঠান বৈঠক আয়োজন করে।
নাসের রহমান বলেন, এবারের নির্বাচনে তার প্রচারের মূল লক্ষ্য আওয়ামী লীগ সমর্থকদের বুঝিয়ে দেওয়া—জামায়াতের ক্ষমতায় যাওয়ার আশঙ্কা ভিত্তিহীন। কেউ এক সেকেন্ডও ভাববেন না যে, জামায়াতে ইসলামীর নামে কেউ ক্ষমতায় আসবে। এমন হলে দেশে কেয়ামতের মতো পরিস্থিতি হবে। শেখ হাসিনার আমলেও এত খারাপ দিন আসেনি।
জামায়াতের শীর্ষ নেতাদের ‘গোপন উদ্দেশ্য’ তিন দিন আগে তাদের চট্টগ্রামের এক নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন নাসের রহমান। চট্টগ্রাম বন্দরে জামায়াতের এ নেতা ‘বড় চাঁদাবাজ’ হিসেবে পরিচিত বলেও জানান তিনি।
নাসের রহমান বলেন, দেশে ক্ষমতার পরিবর্তন হলেও আওয়ামী লীগ সমর্থকদের সুরক্ষার দায়িত্ব বিএনপি নেবে। আওয়ামী লীগের ভোটারদের নিরাপত্তা দিতে হলে বিএনপিই দেবে।


