আসন্ন নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
নির্বাচন সংক্রান্ত কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বলেন তিনি।
সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
আইজিপি বলেন, প্রাক-নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। পুলিশের টহল ছাড়াও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করতে হবে।
আইজিপি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, পুলিশের আইনি কাজে কেউ কোন ধরনের বাধা সৃষ্টি করলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে।
জুলাই-আগস্টের আন্দোলনের সময়ে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরও নির্দেশ দেন তিনি।
সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


