চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে অ্যামোনিয়া সংকটে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার রাঙাদিয়ায় অবস্থিত কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
কারখানা সূত্র জানায়, পাশের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সরবরাহ করা অ্যামোনিয়ার ওপর নির্ভর করেই ডিএপি কারখানায় উৎপাদন চলে। কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে ওই দুই কারখানায় অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে গেলে ডিএপি কারখানায়ও সরবরাহ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে মজুত থাকা অ্যামোনিয়া দিয়ে প্রায় দেড় মাস উৎপাদন চালু রাখা হলেও মজুত শেষ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত উৎপাদন বন্ধ করতে হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এ কারখানাটি দেশের কৃষিখাতে যৌগিক সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া কারখানাটির দুটি ইউনিটের প্রতিটির দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ মেট্রিক টন।
ডিএপি কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হক জানান, ৪ মার্চ থেকে অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে না। মজুত দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা হয়েছিল। এখন মজুত শেষ হওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। অ্যামোনিয়া সরবরাহ শুরু হলে আবার উৎপাদন চালু করা হবে।


