পাইরেসির ভয়ে ঈদের ছবি ‘দম’ শুরুতে মাল্টিপ্লেক্সের বাইরে মুক্তি দেওয়া হয়নি। শুক্রবার (২৪ এপ্রিল) থেকে সারা দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে মুক্তি পাচ্ছে ছবিটি।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি নিশ্চিত করেছে যে, শুক্রবার থেকে ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে চলবে রেদওয়ান রনি পরিচালিত ছবিটি।
‘দম’–এর সিঙ্গেল স্ক্রিনের তালিকায় ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রুপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দীতা, যশোরের মণিহার রয়েছে বলে জানান প্রযোজক শাহরিয়ার শাকিল।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি পেয়েছে। উত্তর আমেরিকায় ছবিটি মাত্র এক সপ্তাহে হলের সংখ্যা ৭ থেকে বেড়ে ৫০টিতে উন্নীত হয়েছে। কানাডাতেও প্রথম সপ্তাহে ৮টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর, জাহিদ হাসান।
ছবিটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের, রবিউল আলম রবি।


